আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মুসলিম ছাত্রদের উদ্যোগে টরেন্টো বিশ্ববিদ্যালয়ের এমানুয়েল কলেজে মুসলিম ছাত্রদের জন্য নামাযের বিশেষ স্থানের উদ্বোধন হয়েছে।
এ নামাযখানা তৈরীতে ব্যয়কৃত প্রায় ২৫ হাজার ডলার বাজেট ‘ইসলামিক ফাউন্ডেশন’, ‘টরেন্টো ইসলামিক ইনস্টিটিউট’, ‘জাফারিয়া ফাউন্ডেশন কানাডা’ ও ‘টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইসলামি ছাত্র পরিষদ’ প্রদান করেছে।
এছাড়া আলাদাভাবে ওজুর স্থান নির্মাণের জন্য এ বাজেট বৃদ্ধি পেয়ে ৭৫ হাজার ডলারে পৌঁছেছে। অবশিষ্ট অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রদান করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর হতে মুসলিম ছাত্ররা নামাযের জন্য নির্ধারিত এ স্থানে নিশ্চিন্তে নামায আদায় করতে পারবেন। অমুসলিম ছাত্রদের জন্যও এ নামায খানা উন্মুক্ত থাকবে। এর ফলে বিভিন্ন ধর্মের ছাত্রদের সাথে মুসলিম ছাত্রদের সংহতিপূর্ণ সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।
কোরআন ও মায়ারেফ টিভি চ্যানেলের বরাত দিয়ে জানা গেছে যে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসলাম পরিচিতি বিষয়ক বিভিন্ন কোর্সেরও আয়োজন করতে যাচ্ছে। ইসলাম ধর্মের সাথে অন্যান্য ধর্মের অনুসারীদেরকে পরিচিত এবং বিভিন্ন ধর্মের মধ্যকার সম্পর্ক মজবুত করার উদ্দেশ্যে এ সকল কোর্সের আয়োজন করা হবে।#